শিরোনাম

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৭

বিশেষ প্রতিনিধি :চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একটি পেশাদার ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে টাইগার পাস সংলগ্ন পলোগ্রাউন্ড স্কুলের বিপরীতে অফিসার্স ক্লাবের অন্ধকারাচ্ছন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (উত্তর) এসআই রাকিবুল হাসান।

গ্রেফতারকৃতরা হলেন: জাহাঙ্গীর প্রকাশ বলি (৫৩), নাসির উদ্দিন (৩৬), মো. ইউসুফ প্রকাশ সাজিদ (২৩), আতাউর রহমান (৪৩), ফরহাদ মিয়া (৩৬), মো. হাফিজুর রহমান সুমন (৪৪) এবং মো. আবুল কালাম প্রকাশ রবিন (২৮)।

ডিবি (উত্তর) টিম-৩১ এর বিশেষ অভিযানে গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ৩টি ফোল্ডিং ছোরা এবং ৩টি হাতলযুক্ত ধারালো ছোরা উদ্ধার করা হয়।

এসআই রাকিবুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে টাইগার পাস, ফলমন্ডি, বিআরটিএ এবং নিউ মার্কেট এলাকায় অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি করে ডাকাতি ও ছিনতাই করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডাকাতির প্রস্তুতির একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Check Also

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল পরিদর্শনে এলেন উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব …