
অনলাইন ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহারপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই ছিলেন বাক প্রতিবন্ধী।ঈদ উপহার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।গতকাল রবিবার (২৫ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিবন্ধীদের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়। উপহার গ্রহণের সময় অনেক বাক প্রতিবন্ধী নিজেদের অনুভূতি ইশারা ও অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করেন, যা উপস্থিতদের আবেগাপ্লুত করে।এ সময় বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির পক্ষে উপহারসামগ্রী তাদের হাতে তুলে দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির এ উদ্যোগ প্রশংসনীয়।গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলা সমন্বয়ক শামিম শিবলী বলেন, প্রতিবন্ধীদের জন্য এ ধরনের সহায়তা তাদের মনে নতুন আশার সঞ্চার করে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। তিনি ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
অপরাধ ঘোষনা aporadhghoshona
