
অনরাইন ডেস্ক: ঈদযাত্রার প্রস্তুতি দেখতে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বৃহস্পতিবার (২১ মে) ফেরিঘাটের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং যানবাহন পারাপার কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।সাংবাদিকদের ব্রিফিংয়ে রাজিব আহসান জানান, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ফেরিঘাটের পন্টুনের নিরাপত্তা-বেষ্টনী উঁচু ও মজবুত করা হয়েছে। ফেরিঘাটে স্টপ গেট নির্মাণ করা হয়েছে। যাত্রী ওঠানামার জন্য পৃথক সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।তিনি যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পারাপারের সময় বাস থেকে নেমে ফেরিতে ওঠার জন্য অনুরোধ জানান। একই সঙ্গে নৌ-পথে চলাচলকারী যাত্রীদের কোনো অবস্থাতেই নৌকা বা ট্রলার থেকে লঞ্চে ওঠা-নামা না করার আহ্বান জানান।তিনি বলেন, অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি লঞ্চে দৃশ্যমান স্থানে ডিজিটাল ভাড়ার তালিকা প্রদর্শন নিশ্চিত করা হবে। প্রতিমন্ত্রী আরো জানান, ঈদুল আজহার আগের ৫ দিন এবং পরের ৫ দিন অর্থাৎ ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া রাতের বেলায় স্পিডবোট চলাচলও বন্ধ রাখা হবে।তিনি বলেন, সদরঘাটে যাত্রীচাপ কমাতে ঢাকার মোহাম্মদপুরের বসিলা ঘাট এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ সার্ভিস পরিচালনা করা হবে। পাশাপাশি কুড়িল বিশ্বরোড থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত বিআরটিসির শাটল বাস সার্ভিস চালু করা হবে।ঈদের আগের ৩ দিন এবং পরের ৩ দিন অর্থাৎ ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।তবে কোরবানির পশুবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপারের সুবিধা পাবে।
তিনি আরো বলেন, কোরবানির পশুবাহী নৌ-যানকে ঘাটে ভেড়ানোর জন্য কোনো ঘাট ইজারাদার বা তার লোকজন টানাটানি করতে পারবে না। এ জন্য সংশ্লিষ্ট নৌ-যানে কোন ঘাটে পশু আনলোড করা হবে, তা দৃশ্যমানভাবে ব্যানারে উল্লেখ রাখতে হবে।
উল্লেখ্য, নৌ-পথে চলাচলকারী যাত্রীদের যেকোনো জরুরি প্রয়োজনে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১, নৌ-পুলিশ ০১৭৬৯-৭০২২১৫ এবং অপারেশন জিরো মিসিং ০১৩২০০০২১৭ নম্বরে যোগাযোগ করার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
