
অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পল্লী উন্নয়নের মূল উদ্দেশ্য হলো স্বনির্ভর ও আত্মনির্ভরশীল হওয়া। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।সরকারের জনকল্যাণমুখী উন্নয়নে কর্মসূচি বাস্তবায়ন করতে সকলকে একযোগে কাজ করতে হবে এবং পল্লী উন্নয়নের জন্য প্রান্তিক পর্যায়ে প্রথমে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় বোয়ালখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বোয়ালখালীতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এ উপলক্ষে সুফলভোগীদের মাঝে ঋণের চেক, গাছের চারা বিতরণ এবং পুরস্কার প্রদান করা হয়।
সংসদ সদস্য এরশাদ উল্লাহ আরও বলেন, বিএনপি সরকার গঠনের পর খাল খনন কর্মসূচি, কৃষি কার্ড বিতরণ, বৃক্ষরোপণসহ সাধারণ জনগণের কল্যাণে নানাবিধ কার্যক্রম শুরু করেছে এবং তার সুফল এখন জনগণ ভোগ করছে। পল্লী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতিটি কার্যক্রমই গুরুত্বপূর্ণ।
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবারে একজন জুয়ারি থাকলে সে পরিবারকে ধ্বংস করে দেয়। তাই এটি প্রতিরোধের দায়িত্ব সকলের। মাদক, অনলাইন-অফলাইন জুয়া ও দুর্নীতির বিষয়ে সরকার জিরো টলারেন্সে রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। স্বাগত বক্তব্য দেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী।
উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত সভায় পল্লী উন্নয়ন অফিসার জহির উদ্দিন ভূঁইয়ার সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বিএনপি নেতা হাজী ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান ও শহীদুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা আবু আকতার ও উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন।
অপরাধ ঘোষনা aporadhghoshona
