
মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দিয়েছে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে বাসের চালক, চালকের সহকারীসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন।শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বিএসআরএম বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, তিশা পরিবহনের একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিএসআরএম বাইপাস এলাকায় ঢাকামুখী লেন থেকে একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। এ সময় কাভার্ড ভ্যানের একটি অংশ বাসটির সামনের চাকায় আটকে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে চালক, তার সহকারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর কিছু সময় চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত বাসটি এবং সড়কে ছড়িয়ে থাকা গাছপালা অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুর জামান বাংলানিউজকে বলেন, বিএসআরএম এলাকায় ঢাকামুখী লেন থেকে একটি গাড়ি ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুজনকে পাওয়া যায়। অন্য আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনায় একটি সিসিটিভি ক্যামেরার খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
