Home / চট্টগ্রাম / সাতকানিয়ায় শিশুর মৃত্যু, আনোয়ারায় ভেসে এল লাশ

সাতকানিয়ায় শিশুর মৃত্যু, আনোয়ারায় ভেসে এল লাশ

অনলাইন ডেস্ক: বন্যাকবলিত চট্টগ্রামের সাতকানিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আনোয়ারায় পানিতে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।
গতকাল শুক্রবার রাতে সাতকানিয়া পৌরসভার দক্ষিণ রূপকানিয়া গ্রামে দুই বছর বয়সী ইসমাইল হোসেন পানিতে ডুবে মারা যান।
স্থানীয়দের বরাতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানালেন, সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে জমে থাকা বন্যার পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। শিশুটিকে পানি থেকে তুলে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।সাতকানিয়ায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু ও একজন নিখোঁজ আছে বলে জানালেন ইউএনও মাহমুদুল হাসান।
এদিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামে সাগরে ভেসে আসা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় এখনও পুলিশ জানতে পারেনি। বয়স প্রায় ৪৫ বছর।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বললেন, ‘জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি সাগরে বেড়িবাঁধের ব্লকে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধারের পর মরদেহের সরতহাল করা হয়েছে। আমাদের ধারণা, প্রবল বর্ষণের মধ্যে কোথাও পানিতে তলিয়ে কিংবা সাগরে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়েছে।’ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানালেন।

Check Also

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: টানা ভারী বৃষ্টি, পাহাড়ধস ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলের চলমান দুর্যোগ মোকাবিলায় জরুরি …