Home / সারাদেশ / গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ হারালেন সাবেক যুগ্ম জজ

গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ হারালেন সাবেক যুগ্ম জজ

অনলাইন ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় আব্দুল আউয়াল (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত হয়েছেন।সোমবার (২৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে, রবিবার রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আলহিকমা দাখিল মাদরাসা ও শ্মশান এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আউয়াল ওই ইউনিয়নের জজের মোড় এলাকার মনিরাম গ্রামের সৈয়দ আলী ব্যাপারীর ছেলে। তিনি সর্বশেষ গাজীপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসরের পর বর্তমানে তিনি গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জজ কোর্টের কাজ শেষে এক মুহুরিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল আউয়াল। পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশনসংলগ্ন শ্মশান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা মুহুরি আসাদুল ইসলাম বলেন, গাইবান্ধা থেকে প্রথমে মোটরসাইকেল চালাচ্ছিলেন আব্দুল আউয়াল। পরে কিছু দূর যাওয়ার পর তিনি নিজে মোটরসাইকেল চালাতে শুরু করেন এবং আব্দুল আউয়াল পেছনে বসেন। শ্মশান এলাকায় পৌঁছালে রংপুরের দিক থেকে আসা একটি ট্রাক পাশ কাটানোর সময় দুর্ঘটনাটি ঘটে।তিনি আরো বলেন, মোটরসাইকেলের গতি তখন কম ছিল। কীভাবে দুর্ঘটনা ঘটল, বুঝতে পারিনি। আমিও পড়ে গিয়ে হাতে আঘাত পাই। তার মাথায় হেলমেট ছিল। দুর্ঘটনার পর ট্রাকটি কিছুক্ষণ থামলেও পরে দ্রুত চলে যায়।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Check Also

ঈদের আগেই মাংসের মসলার দাম ঊর্ধ্বমুখী

অনলাইন ডেস্ক: রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে ঈদুল আজহাকে সামনে রেখে কিছু মসলার দাম বাড়লেও …