
অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি এডিট করে কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য ও অডিও প্রচার এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (২০ মে) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ভুক্তভোগী হুজ্জাতুল ইসলাম সাঈদ।
মামলার আসামি করা হয়েছে এমিল হাসান (‘Emil Hasan’ নামের একটি ফেসবুক আইডি) এবং একটি আন্তর্জাতিক মোবাইল নম্বর।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আল-আমিন বাংলানিউজকে বলেন, ছবি এডিট করে কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য ও অডিও প্রচারের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল।ট্রাইব্যুনালে শুনানি শেষে বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআই চট্টগ্রাম মেট্রোকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজনৈতিক বিরোধ ও ব্যক্তিগত বিদ্বেষের জেরে গত ১৪ মে সন্ধ্যা থেকে ১৫ মে রাত পর্যন্ত পরিকল্পিতভাবে হুজ্জাতুল ইসলাম সাঈদের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।একই সঙ্গে মানহানিকর অডিও ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। এছাড়া তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
বাদী গত ১৬ মে কোতোয়ালী থানায় মামলা করতে গেলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেনি বলে এজাহারে দাবি করা হয়েছে। পরে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালতের কাছে সংশ্লিষ্ট ফেসবুক আইডি শনাক্ত ও ট্র্যাকিং এবং অনলাইনে ছড়িয়ে পড়া কুরুচিপূর্ণ ছবি ও অডিও অপসারণের আবেদন জানানো হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
