
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেপ্তার করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অভিযান চালিয়েছে নগর পুলিশ। প্রায় এক ঘণ্টা ধরে নগর ভবনের প্রধান ফটকের সামনে পুলিশ অবস্থান নিলেও শেষ পর্যন্ত বগাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ সময় নগর ভবনের সামনে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে নগরের টাইগারপাস এলাকায় চসিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ওয়াকিল হোসেন ওরফে বগা নগর ভবনে অবস্থান করছেন— এমন গোপন তথ্য পেয়ে তাকে গ্রেপ্তারের জন্য রাতে চসিক কার্যালয়ের সামনে অবস্থান নেয় খুলশী থানা-পুলিশ। তবে পুলিশ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেনি। চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোহেল পারভেজ, খুলশী জোনের সহকারী কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশের অবস্থানের খবর ছড়িয়ে পড়লে নগর ভবনের সামনে বগার অনুসারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ ও উপস্থিত লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত বগাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাত ১০টার দিকে পুলিশ সদস্যরা নগর ভবনের সামনে থেকে চলে যান।
অভিযানের বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহমেদ ও উপপুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তাদের ক্ষুদে বার্তাও পাঠানো হয়। তবে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।
কে এই বগা?
ওয়াকিল হোসেন ওরফে বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগে গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে খুলশীর ওয়্যারলেস এলাকায় বগাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় বগা বাসার একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
সম্প্রতি, খুলশীতে কিশোর হৃদয় হত্যাকাণ্ডে জড়িত ‘সেভেন স্টার’ নামের একটি কিশোর গ্যাং পরিচালনায় বগা ও তার ভাইয়ের সম্পৃক্ততার তথ্যও পেয়েছে পুলিশ। এর আগে গত ৪ অক্টোবর বগার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

অপরাধ ঘোষনা aporadhghoshona
