
ক্রীড়া প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম জেলা দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এই টুর্নামেন্টে দেশের ৬৪টি জেলার অংশগ্রহণের মধ্য থেকে কর্ণফুলী জোনের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে নাম লেখায় চট্টগ্রাম।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘তারুণ্যের উৎসব’ প্রকল্পের আওতায় গত বছরের ২২ ডিসেম্বর শুরু হয় এই চ্যাম্পিয়নশিপ। দেশের আটটি ভেন্যুতে অনুষ্ঠিত প্রাথমিক পর্বে ৬৪টি জেলাকে আটটি জোনে ভাগ করে খেলা আয়োজন করা হয়। জোনগুলোর নাম রাখা হয় দেশের প্রধান নদীর নামে—চিত্রা, ধলেশ্বরী, কর্ণফুলী, তিস্তা, কীর্তনখোলা, পদ্মা, শীতলক্ষ্যা ও সুরমা।প্রতিটি জোনে আটটি দল অংশ নেয়। পরে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জোনাল সেমিফাইনাল ও ফাইনালে অংশ নেয়।
প্রাথমিক পর্ব শেষে আট জোনের চ্যাম্পিয়ন হিসেবে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। দলগুলো হলো—চট্টগ্রাম, মৌলভীবাজার, নীলফামারী, সিরাজগঞ্জ, জামালপুর, পিরোজপুর, রাজবাড়ী ও মাগুরা।আগামী ৮ থেকে ১৭ জুন পর্যন্ত রাজধানীর বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তাফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। সেখানে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে আবারও রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। পরে সেমিফাইনালে জয়ী দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।এ বিষয়ে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি বলেন, ‘এই সাফল্য শুধু চট্টগ্রাম জেলা দলের নয়, এটি পুরো জেলার ফুটবল পরিবারের সম্মিলিত অর্জন। কর্ণফুলী জোনে চ্যাম্পিয়ন হয়ে সেরা আটে জায়গা করে নেওয়া আমাদের জন্য গর্বের বিষয়।’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলা, কোচিং স্টাফদের পরিকল্পনা ও দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। আমরা বিশ্বাস করি, এই তরুণ খেলোয়াড়রাই ভবিষ্যতে জাতীয় ফুটবলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করবে। এই সাফল্য আমাদের সামনে আরও বড় লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা জোগাবে।’
অপরাধ ঘোষনা aporadhghoshona
