
অনরাইন ডেস্ক: লাকসামে একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অটোরিকশাচালক আমির হোসেনকে (৩০) এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৪ মে) দুপুরে লাকসাম রেলওয়ে জংশন বাজারে এ ঘটনাটি ঘটে।দণ্ডপ্রাপ্ত আসামি অটোরিকশাচালক আমির হোসেন পাশ্বর্বর্তী চৌদ্দগ্রাম উপজেলার মিতল্লা গ্রামের বাসিন্দা।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৩ ছাত্রী প্রাইভেট পড়ে একটি অটোরিকশা করে বাড়ি যাচ্ছিল। এ সময় অটোরিকশাচালক তাদের যৌন হয়রানি করে।
পরে ওই ছাত্রীদের আভিযোগের ভিত্তিতে স্থানীয় লোকজন অটোরিকশাচালককে আটক করে উপজেলা প্রশাসনে সংবাদ দেন। সংবাদ পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা এবং লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলী ঘটনাস্থলে পৌঁছেন।
সূত্র জানায়, ওই তিন ছাত্রী এবং অভিযুক্ত অটোরিকশাচালককে ইউএনও জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে ইউএনও নার্গিস সুলতানা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত অটোরিকশাচালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ সময় দণ্ডপ্রাপ্ত অটোরিকশাচালকের কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন এবং ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
এই ব্যাপারে আজ রবিবার বিকেলে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
