শিরোনাম
Home / খেলাধুলা / প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন : ভূমিমন্ত্রী

প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন : ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক: ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করা হচ্ছে।এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।রবিবার (১৭ মে) বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর রাজশাহী আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। ১২ থেকে ১৪ বছরের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।ভূমিমন্ত্রী বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।’ তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। উপযুক্ত যোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে তৈরি করে দেশ সেবায় নিয়োজিত হতে হবে।’আঞ্চলিক পর্যায়ের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই স্টেডিয়ামজুড়ে এক প্রাণবন্ত ও উৎসবের আবহ তৈরি হয়। বিভিন্ন উপজেলা থেকে আসা শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে সারিবদ্ধভাবে মাঠে অবস্থান নেয়।জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সেজে ওঠে পুরো ক্রীড়াঙ্গন। গ্যালারিতেও ছিল অভিভাবক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, মোহাম্মদ হাবিবুর রহমান, ড. চিত্রলেখা নাজনীন এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান প্রমুখ।

Check Also

রাতে ডেকে নিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে …