শিরোনাম
Home / চট্টগ্রাম / ন্যাচার কনভেনশনে চট্টগ্রামকে গ্রীন, ক্লিন ও হেলদি সিটিতে রুপান্তরের ঘোষণা চসিক মেয়রের

ন্যাচার কনভেনশনে চট্টগ্রামকে গ্রীন, ক্লিন ও হেলদি সিটিতে রুপান্তরের ঘোষণা চসিক মেয়রের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত “ন্যাচার কনভেনশন- ২০২৬” অনুষ্ঠানে চট্টগ্রামকে পরিবেশবান্ধব, সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী (গ্রিন, ক্লিন ও হেলদি সিটি) হিসেবে গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, চট্টগ্রাম আমাদের সবার অহংকার। এই নগরীর পরিবেশ, প্রকৃতি, জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষা করা এখন সময়ের দাবি। মাটি, পানি, বায়ু, নদীসহ সকল জলাশয় দূষণমুক্ত করতে গৃহস্থালি, ই-বর্জ্য, মেডিকেল এবং সুয়ারেজ বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তার শতভাগ সুফল আমি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।

শুক্রবার(৫ জুন) চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি শিরীষতলায় ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত এক জমকালো ‘ন্যাচার কনভেনশন’-এ প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাহাড় ও প্রকৃতি আজ হুমকির মুখে। পাহাড় কাটার লাগাম টেনে ধরতে এবং জনদুর্ভোগ নির্মূলে চসিক কঠোর অবস্থানে থাকবে। তবে কেবল প্রশাসনের একার পক্ষে একটি শহর পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য নাগরিকদেরও দায়িত্বশীল সুনাগরিকের ভূমিকা পালন করতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করে আমাদের এই চিরসবুজ চট্টগ্রামকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে।

তিনি পরিবেশ রক্ষায় ‘ন্যাচার কনভেনশন’ এর মতো উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সাধারণ নাগরিকদের মধ্যে সেতুবন্ধন রচনার এই মহান উদ্যোগ চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। সবুজ আচ্ছাদন সমৃদ্ধ করার মাধ্যমে আমরা চট্টগ্রামকে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও স্বাস্থ্যকর নগরীতে রূপান্তর করবো।

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদের সঞ্চালনায়
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এম এ গফুর।

কনভেনশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো চিফ মোহাম্মদ শাহনেওয়াজ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও হালদা নদী গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া, কর্ণফুলী নদী গবেষক ও অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

আরো বক্তব্য রাখেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, পরিবেশ সংগঠক সেলিম খান, সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, ইয়াকুব হোসেন শাকিল, দপ্তর সম্পাদক নাসিম সালেহ, প্রচার সম্পাদক সাংবাদিক এম. সাদ্দাম হোসাইন সাজ্জাদসহ স্থানীয় পরিবেশবাদী নেতৃবৃন্দ।

বক্তারা চট্টগ্রামের কর্ণফুলী নদী ও প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং মেয়রের গ্রিন ও ক্লিন সিটি গড়ার রূপকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

Check Also

স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: বড় বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে …