
ঘোষণা ডেস্ক :বাগেরহাটের খানজাহান আলী মাজার-সংলগ্ন দিঘিতে একটি কুকুরকে কুমির টেনে পানিতে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকের দাবি, কুকুরটিকে বেঁধে কুমিরের সামনে ফেলা হয়েছে। তবে মাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা এ অভিযোগ অস্বীকার করেছেন এবং ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।
মাজারের খাদেমরা জানান, ঘটনাটি গত বুধবারের। দিঘির ঘাটের কাছে একটি অসুস্থ কুকুর কয়েকজন নারী ও শিশুকে কামড় দেয়। পরে স্থানীয়রা কুকুরটিকে তাড়া করলে এটি ঘাটের দিকে চলে যায়। সেখানে মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকান হাওলাদারকে কুকুরটি কামড় দেয়। তিনি প্রতিক্রিয়ায় পা ঝাড়া দিলে কুকুরটি ঘাটে পড়ে যায়। পিচ্ছিল সিঁড়ির কারণে সেটি আর উঠতে পারেনি। এ সময় পানিতে থাকা কুমির কুকুরটিকে কামড়ে টেনে নিয়ে যায়।
ঘাটের পাশের দোকানি বিনা আক্তার বলেন, কুকুরটি আগে তার দোকানের সামনেও কয়েকজনকে কামড় দেয়। পরে ঘাটে প্রহরী ফোরকানকে কামড় দেওয়ার পর কুকুরটি পানিতে পড়ে যায়। কুমির উপস্থিত থাকায় কেউ তখন সেটিকে উদ্ধার করতে সাহস করেনি।
নিরাপত্তা প্রহরী ফোরকান হাওলাদার বলেন, কুকুরটি হঠাৎ এসে তাকে কামড় দেয়। তিনি পা সরালে কুকুরটি পানিতে পড়ে যায় এবং পরে কুমির সেটিকে নিয়ে যায়।
মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও সামাজিক মাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
ঘটনার সময় উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে বাঁচাতে কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এদিকে ঘটনার তদন্তে বাগেরহাট জেলা প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আতিয়া খাতুনকে। এছাড়া কমিটিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন।
তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। কুকুরটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মাথার অংশ ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (সিডিআইএল) পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ভাইরাল ভিডিওটি নিয়ে তদন্ত চলছে এবং প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
এ ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অপরাধ ঘোষনা aporadhghoshona
