
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লায় আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক নেতারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। সভাস্থল পরিদর্শনের পাশাপাশি ইতিমধ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে।শনিবার (১৬ মে) সকাল ১১টায় কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।তার আগমন উপলক্ষে ইতিমধ্যে পথসভার ভেন্যু পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজও শুরু হয়েছে। মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙের প্রলেপ ও সাজসজ্জার কাজ চলছে।বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একাধিকবার সভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করে প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন দিক তদারকি করছেন। মাঠ গোছানো, নিরাপত্তাব্যবস্থা জোরদার, জনসমাগম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে ব্যাপক কর্মতৎপরতা।আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, শনিবার চাঁদপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে। সেখানে যাওয়ার পথে বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে তিনি বক্তব্য দেবেন।সংক্ষিপ্ত এই সফরে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আশা করি, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ৫০ হাজার মানুষের সমাগম হবে। ইতিমধ্যে প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।জেলা প্রশাসক রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সভাস্থল সশরীরে পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গেও বৈঠক হয়েছে।
সবকিছু মিলিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
