
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ জুন।বুধবার (১৩ মে) শুনানির এই তারিখ ধার্য করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২।
শুনানিতে প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন বলেন, এই মামলায় ২২ আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজন গ্রেপ্তার আছেন। হাছান মাহমুদ, মহিবুল হাসানসহ ১৭ আসামি পলাতক। পলাতক আসামিদের হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তার পরও তারা হাজির হননি।এ অবস্থায় পলাতক এই ১৭ আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়ে মামলার কার্যক্রম এগিয়ে যাওয়ার আরজি জানাচ্ছি।তখন ট্রাইব্যুনাল পলাতক ১৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিয়ে আগামী ৪ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির তারিখ ধার্য করেন।
মামলায় ২২ আসামির বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা; দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা করা এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ রয়েছে।
গত ২ এপ্রিল চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। পরে ৫ এপ্রিল তা আমলে নিয়ে ৭ এপ্রিল পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
অপরাধ ঘোষনা aporadhghoshona
