শিরোনাম
Home / সারাদেশ / টেকনাফে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

টেকনাফে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি টেকনাফের হ্নীলা সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরের ছেলে মোহাম্মদ আনোয়ার।
সোমবার (২৫ মে) দিবাগত রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলের দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা এবং বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরী’ তল্লাশি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়। এ সময় মাইক্রোবাস চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবির সঙ্গে অশোভন আচরণ করেন এবং জোরপূর্বক গাড়ি চালিয়ে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন।
পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করেন। তল্লাশিকালে অভিযুক্তের কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ডগ ‘হেনরী’র সহায়তায় মাইক্রোবাসের পেছনের সিটের কভারের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পাচারে ব্যবহৃত মাইক্রোবাস, একটি অ্যান্ড্রয়েড (আইফোন) মোবাইল ফোনসহ মোহাম্মদ আনোয়ারকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Check Also

গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ হারালেন সাবেক যুগ্ম জজ

অনলাইন ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় আব্দুল আউয়াল (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা …