শিরোনাম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুদকে শতাধিক অভিযোগ

ঘোষণা ডেস্ক :ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই এসব লিখিত অভিযোগ জমা পড়ে বলে জানিয়েছেন দুদকের একটি দায়িত্বশীল সূত্র।

সূত্রটি জানায়, যে হারে অভিযোগ আসছে, তাতে এটি রেকর্ড সংখ্যক হতে পারে। অধিকাংশ অভিযোগকারী নাম প্রকাশ করেননি, তবে কিছু অভিযোগে নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। দুদক জানিয়েছে, অন্যান্য অভিযোগের মতোই এসব অভিযোগও যাচাই-বাছাই করা হবে।

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোর মধ্যে গ্রামীণ টেলিকম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনা, আয়কর ফাঁকি এবং বিদেশে অর্থ পাচারের দাবি রয়েছে।

সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্য, বিচারক পদায়নে অনিয়ম এবং আর্থিক লেনদেনসংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে। এছাড়া সাব রেজিস্ট্রার ও অন্যান্য পদে বদলি বাণিজ্যের অভিযোগও রয়েছে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্পে অনিয়ম ও সম্পত্তি সংক্রান্ত অভিযোগ উঠেছে। জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিরুদ্ধে বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে আর্থিক অনিয়মের অভিযোগ করা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধেও টেন্ডার জালিয়াতি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ জমা পড়েছে।

এছাড়া সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ, বিদেশে অর্থ পাচার ও বেআইনি লেনদেনের অভিযোগ করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে অনিয়মের অভিযোগ রয়েছে।

দুদক সূত্র জানায়, যেসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাবে, সেগুলো অনুসন্ধানের আওতায় আনা হবে।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। অভিযোগ আমলযোগ্য হলে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। একইসঙ্গে যেন কেউ হয়রানির শিকার না হন, সেদিকেও সতর্ক থাকতে হবে।

Check Also

সৌরভ ও পিংকি’র “তুমি আমি দু’জন মিলে, একটা গল্প হয়ে”

বিনোদন প্রতিবেদক: শরতের শুভ্র কাশফুল আর শিউলির সুবাসে প্রকৃতিতে এসেছে উৎসবের আমেজ। এরই সঙ্গে শুরু …