শিরোনাম
Home / আদালত / সাংসদ সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

সাংসদ সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থীতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।রায়ের ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী আহসানুল করিম।‘যেহেতু এই রিট পিটিশনে রুল অ্যাবসলিউট হয়েছে, এখন নির্বাচন কমিশন তার নাম গেজেটভুক্ত করবেন এবং অন্যান্য যে ফরমালিটিস আছে, শপথ গ্রহণ করা, সেগুলো করবেন এবং তিনি সংসদে যাবেন’, বৈধতার বিষয়টি পরিষ্কার করেন আইনজীবী।
তবে জামায়াত প্রার্থী মোহাম্মদ নূরুল আমিনের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।এর আগে, গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেন।
এর আগে, নির্বাচন কমিশনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল হয়। এ নিয়ে নির্বাচনের আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে ও ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।
তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নূরুল আমিন। ঋণখেলাপির অভিযোগ এনে তিনি এ আবেদন করেন। লিভ টু আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ।
তাতে বলা হয়, যদি তিনি (সারোয়ার আলমগীর) নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ (যতটুকু প্রার্থী হিসেবে তার জন্য প্রযোজ্য) এ-সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
লিভ টু আপিল মঞ্জুরের পর গত ৩১ মার্চ নিয়মিত আপিল করেন জামায়াতের প্রার্থী। এই আপিলের ওপর শুনানি শেষে ১৬ জুন আদেশ দেন আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি করে দেওয়া আদেশে আপিল বিভাগ দ্রুত সম্ভাব্য দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেন।
রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া আদেশ চলমান থাকবে বলে উল্লেখ করা হয়। অর্থাৎ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীর নির্বাচনে প্রার্থী হিসেবে ফলাফল প্রকাশ (যতটুকু প্রার্থী হিসেবে তার জন্য প্রযোজ্য) স্থগিত থাকবে।আপিল বিভাগের আদেশের পর রিটটি চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় ২১ জুন ওঠে। সেদিন আদালত রুল শুনানির জন্য দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় সেই রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী আহসানুল করিম এবং এ এম মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম শুনানিতে অংশ নেন, সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন।
জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী ও আবদুল্লাহ সাদিক। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. রাজু মিয়া।

Check Also

রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, ৪ শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: টানা ভারী বৃষ্টির মধ্যে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসার দেয়ালধসে চার …