
সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্বামী সাগরে মাছ ধরতে যাওয়ার সুযোগে এক গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত নগদ টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত একটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন। এ সুযোগে পাশের জুদারপাড়া এলাকার বাসিন্দা জরিপ আলীর ছেলে রবিউল হোসেন (২৯) ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত ঘরে থাকা নগদ টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগীর স্বামী বিপ্লব দাশ বলেন, ঘটনার সময় তিনি অন্য জেলেদের সঙ্গে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফিরে স্ত্রীকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে স্ত্রীর কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন।
তিনি আরও দাবি করেন, একই রাতে অভিযুক্ত ব্যক্তি আরও দুটি পরিবারের ঘরে ঢুকে নগদ টাকা ও মুঠোফোন নিয়ে গেছেন। তার অভিযোগ, রবিউল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
ঘটনার পর ভুক্তভোগী নারী সীতাকুণ্ড মডেল থানায় চুরি ও শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন। মামলায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, ‘চুরি ও শ্লীলতাহানির অভিযোগে একজন নারী মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
অপরাধ ঘোষনা aporadhghoshona
