
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, আলীনগর ও আশপাশের এলাকার উন্নয়ন ও নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে যাদের পুনর্বাসনের প্রয়োজন হবে, তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এলাকাবাসীকে উচ্ছেদ করা হবে না।রবিবার (৩১ মে) দুপুর দেড়টায় চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর, আলীনগর এবং পার্শ্ববর্তী এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সরকারি স্থাপনা নির্মাণ এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে। সম্ভাব্য নতুন কারাগার স্থাপনের স্থানও পরিদর্শন করা হয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা করা হবে এবং পুনর্বাসনের প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন জনপ্রত্যাশা অনুযায়ী কার্যকরভাবে প্রতিষ্ঠা করতে হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে। রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়ে যারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের আশ্রয়স্থল চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক অভিযানে পুলিশ, বিজিবি, র্যাব, সামরিক বাহিনী এবং হেলিকপ্টারসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে অংশ নিয়েছে। প্রায় চার হাজার সদস্যের যৌথ বাহিনী এলাকায় কাজ করেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠাই সরকারের প্রথম লক্ষ্য।সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসীরা যাদেরই আশ্রয়ে থাকুক না কেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি উন্নয়ন ও নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থ ও পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
গণমাধ্যমের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক তথ্য সরবরাহ ও সহযোগিতা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে আরও কার্যকর করবে। জনগণের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রামের সাংসদ আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অপরাধ ঘোষনা aporadhghoshona
