Home / চট্টগ্রাম / ফ্যামিলি কার্ড মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: জেলা প্রশাসক

ফ্যামিলি কার্ড মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই কার্ড কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়—এটি দেশের প্রতিটি পরিবারের জন্য। গুমানমর্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম-২০২৬ এর তৃতীয় পর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন।জেলা প্রশাসক বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করা। এজন্য মাঠপর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিকতা বজায় রেখে কাজ করতে হবে।তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, এই কার্যক্রমে কোনো ধরনের ভুল বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। আমরা শুরু থেকেই বলেছি—ফ্যামিলি কার্ড কার্যক্রম হতে হবে ‘জিরো এরর’।
কেউ যেন বাদ না পড়ে, সেজন্য শতভাগ নির্ভুলতার সঙ্গে কাজ করতে হবে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক সুবিধাভোগী মুক্তা দাশ, শোভা দাশ ও নীলা দাশের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের সরকার প্রদত্ত ভাতা সন্তানদের লেখাপড়া ও ছোটখাটো ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করতে ব্যবহারের পরামর্শ দেন।তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। যারা পিছিয়ে আছে, তাদের মূলধারায় নিয়ে আসাই সরকারের লক্ষ্য।তিনি আরও বলেন, আপনি যদি আজ সন্তানকে সময় না দেন, ভবিষ্যতে তাঁর কাছ থেকে সময় পাওয়ার প্রত্যাশা করাও ঠিক হবে না। অর্থ দিয়ে হয়তো সাময়িক তৃপ্তি পাওয়া যায়, কিন্তু সমাজের প্রকৃত পরিবর্তন আসে মূল্যবোধ ও মানবিকতা থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং এ কার্যক্রমে নিয়োজিত সমাজকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

Check Also

চট্টগ্রামে ২ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ইপিজেডে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত দুই লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও …