
অনলাইন ডেস্ক: নড়াইল সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের নামযজ্ঞের মেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পূর্বা সোম (২১) নামে এক কলেজছাত্রী আহত হয়েছেন।রোববার (১৭ মে) রাত পৌনে ১২টার দিকে পঙ্কবিলা সার্বজনীন পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।আহত শিক্ষার্থী বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পূর্বা সোম সদর উপজেলার ভাওয়াখালী এলাকার পরিতোষ সোমের মেয়ে।
তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পঙ্কবিলা সার্বজনীন পূজা মণ্ডপে তিনদিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন পূর্বা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার আগে মন্দির প্রাঙ্গণে বসা মেলায় ঘুরছিলেন তিনি।এ সময় একটি দোকানে দাঁড়িয়ে পান কেনার মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে এক দুর্বৃত্ত পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় পূর্বাকে উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, কোমরের পেছনে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত।পূর্বার বাবা পরিতোষ সোম বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে নামযজ্ঞের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে হঠাৎ পেছন থেকে আমার মেয়েকে ছুরি মারা হলো। ধর্মীয় অনুষ্ঠানে এমন ন্যাক্কারজনক ঘটনা কল্পনাও করিনি।’তিনি আরও জানান, প্রায় তিন মাস আগে দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকেও দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছিল। বাবার পর মেয়ের ওপর হামলার ঘটনায় পুরো পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পরিবারটি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ড বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
