শিরোনাম
Home / অর্থনীতি / চট্টগ্রামে পুঁজি সংকটে চামড়া আড়তদারদের দুর্ভোগ, এবার সংগ্রহের প্রস্তুতি ৪ লাখ

চট্টগ্রামে পুঁজি সংকটে চামড়া আড়তদারদের দুর্ভোগ, এবার সংগ্রহের প্রস্তুতি ৪ লাখ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহায় কোরবানির চামড়া সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামের আড়তদারেরা। এবার কোরবানির ঈদে চট্টগ্রাম নগর ও ১৫ উপজেলা মিলিয়ে প্রায় ৪ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন আড়তদারেরা।
নগরের আতুরার ডিপো এলাকায় রয়েছে বেশিরভাগ চামড়ার আড়ত। এসব আড়তে কোরবানির দিন থেকে কাঁচা চামড়া সংগ্রহ করা হয়।এরপর লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে ঢাকার ট্যানারিতে পাঠানো হয়। এছাড়া বিভিন্ন এতিমখানা ও মাদরাসা নিজ উদ্যোগে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করে পরে ট্যানারিতে বিক্রি করে।এদিকে চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের দাম বৃদ্ধি ও পুঁজির সংকটে দুশ্চিন্তায় রয়েছেন আড়তদারেরা।আড়তদারেরা জানান, এবছর লবণের কেজিপ্রতি দাম বেড়েছে প্রায় ৩ টাকা।
৭৪ কেজির লবণের বস্তা গত বছর ৬০০ টাকা থাকলেও এবার বিক্রি হচ্ছে ৮২০ টাকায়। এতে প্রতিটি গরুর চামড়া সংরক্ষণে লবণ, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ মিলিয়ে গড়ে প্রায় ৫০০ টাকা ব্যয় হবে। এছাড়াও রয়েছে পুঁজির সংকট। ঢাকার ট্যানারি মালিকদের কাছে বিগত বছরের পাওনা টাকা আটকে থাকায় এ সংকট আরও তীব্র হয়েছে।
কাঁচা চামড়ার আড়তদার আবদুল কাদের বলেন, লবণের দাম ৭৪ কেজির বস্তায় ২০০ টাকার বেশি বেড়েছে। শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। বিগত বছরের ট্যানারি মালিকদের কাছে পাওনা বকেয়া রয়েছে। ফলে চামড়ার ব্যবসায়ে আড়তদারেরা এখন পুঁজির সংকটে আছেন।গত শনিবার (৯ মে) এক সংবাদ সম্মেলনে কোরবানির কাঁচা চামড়া সংগ্রহ, দাম নির্ধারণ ও সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বৃহত্তর চট্টগ্রাম চামড়া আড়তদার সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ইউনুছ বলেন, কোরবানির সময় নির্ধারিত দামে চামড়া কিনলেও পরে ট্যানারি মালিকদের কাছে কম দামে বিক্রি করতে হয়। আবার পাওনা টাকা সময়মতো না পাওয়ায় আড়তদারেরা আর্থিক সংকটে পড়েছেন। একসময় ২০০ থেকে ২৫০ জন আড়তদার থাকলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৩০ থেকে ৩৫ জনে। তাদের অনেকেই মূলধন হারিয়ে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।তিনি বলেন, ট্যানারি মালিকদের সঙ্গে আড়তদার ব্যবসায়ীদের আস্থার সংকট, লবণ ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং লোকসানের কারণে এ খাতসংশ্লিষ্টরা চরম দুর্ভোগে পড়েছেন।এসময় আড়তদার সমিতির নেতারা কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সিন্ডিকেট ও অনিয়ম বন্ধের দাবি জানান।

Check Also

ন্যাচার কনভেনশনে চট্টগ্রামকে গ্রীন, ক্লিন ও হেলদি সিটিতে রুপান্তরের ঘোষণা চসিক মেয়রের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত “ন্যাচার …