শিরোনাম

কিশোর গ্যাং-ছিনতাইবিরোধী অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৭৯০

নিজস্ব প্রতিবেদক: কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে ৪৯৭ জনকে।বুধবার (৭ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নিয়মিত মামলায় ৫৮ জন, আগের মামলায় ৮৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


এছাড়া পরোয়ানা মূলে ১৪১ জন ও সাজা পরোয়ানা মূলে ১৯ জনকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৪৯ জনকে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী ও ৪৮ জন মাদক সেবনকারী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।অভিযানে মোট ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মাদক আইনে মামলা হয়েছে ২৩টি।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৩ হাজার ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৮২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১২ লিটার চোলাই মদ, ১২ বোতল বিদেশি মদ এবং তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে চারজন, কুমিল্লায় তিনজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, চাঁদপুরে সাতজন, নোয়াখালীতে চারজন, লক্ষ্মীপুরে দুজন, ফেনীতে ছয়জন, রাঙামাটিতে একজন এবং বান্দরবানে একজন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৯৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৭১ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ১২৬ জনের বিরুদ্ধে।
জেলা অনুযায়ী, চট্টগ্রামে ৫৬ জন, কক্সবাজারে ৩১, কুমিল্লায় ১৫০, ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮, চাঁদপুরে ১৯, নোয়াখালীতে ১৫৭, লক্ষ্মীপুরে ছয়, রাঙামাটিতে পাঁচ এবং খাগড়াছড়িতে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

কর্ণফুলীতে প্রতিবন্ধীকে সুস্থ করতে লাঠিপেটা, রক্তক্ষরণে মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলীতে সুস্থ করার নামে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ঝাড়ফুঁক করার পর অতিরিক্ত …