
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি আত্মসাৎ ও ভোগদখলে রাখার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (৪ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ মামলা অনুমোদনের বিষয়টি জানান।অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হওয়া এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র তৈরি করেন। পরে এসব নথি খাঁটি হিসেবে ব্যবহার করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারি জমি দখলে রাখেন।

এছাড়া, সরকারি ওই জমির ভাড়া পরিশোধ না করে ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।অভিযোগ সংশ্লিষ্টদের মধ্যে রয়েছেন আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ এবং মোহাম্মদ শাহ-আলম ফারুক। শাহ-আলম ফারুক চট্টগ্রাম গণপূর্ত উপ-বিভাগ-২, রহমতগঞ্জের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী। বর্তমানে তিনি বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত।
অনুমোদিত মামলার আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অপরাধ ঘোষনা aporadhghoshona
