শিরোনাম

কিশোর অপরাধ ঠেকাতে চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকায় বিশেষ অভিযান 

নিজস্ব প্রতিবেদক: কিশোর অপরাধ প্রতিরোধ ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৪৫ জনকে আটক করেছে জেলা পুলিশ।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ তথ্য জানান।তিনি জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।থানায় যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়।
অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। সন্তান কখন, কোথায় ও কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়ি ফিরছে কি না-এসব বিষয়ে নিয়মিত খোঁজ রাখার জন্য তাদের ব্রিফ করা হয়।
পাশাপাশি সন্তানদের পড়ালেখা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল আরও জানান, অভিযানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।
জেলার ১৭টি থানা এলাকা থেকে মোট ৩৫৪ জন কিশোরকে থানায় আনা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়। অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে বিশেষ অভিযানে ৪৪৫ জনকে আটক করা হয়।

Check Also

চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানি সম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি …