শিরোনাম

চবিতে দর্শনার্থীকে হুমকি দিয়ে টাকা নেয়ার অভিযোগে দুই শিক্ষার্থী গ্রেপ্তার

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভয়ভীতি দেখানো, চুরি-ছিনতাই, মারধর, নারী হেনস্থাসহ নানা অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আটক দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শিমুল ফকির এবং একই শিক্ষাবর্ষের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ফাহিম আহমেদ অপি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। পরে ভুক্তভোগীদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পৃথক ছয়টি অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জমা দেওয়া হয়।রাত ৯টার দিকে আটক দুই শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নানা ধরনের সামাজিক ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে শিমুল ও ফাহিমের বিরুদ্ধে।বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা অপরিচিত পর্যটকদের সুযোগ বুঝে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, ছিনতাই, মারধর, চুরি ও নারী হেনস্থার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। শনিবার বিকালে চট্টগ্রামের হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আসহাব উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ঝরনা এলাকায় ঘুরতে যান।
তার অভিযোগ, সেখানে ‘শিমুল’ নামের এক ব্যক্তি ও তার দুই সহযোগী তাকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা জোরপূর্বক তার কাছ থেকে নগদ ১৫০ টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ১ হাজার ২০ টাকা নেন। পরে এ ঘটনার সত্যতা অভিযুক্তরা স্বীকার করেন।
এ ঘটনায় আলাদা অভিযোগপত্র জমা দেওয়া হয়। পাশাপাশি বাগেরহাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ শিমুল ফকিরের বিরুদ্ধে নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড, ছিনতাই ও হেনস্থার অভিযোগ করেন।
চবি ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেনও শিমুল ও ফাহিমের বিরুদ্ধে মারধর ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। তার ভাষ্য, গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের পূর্ব পাশের ব্রিজ এলাকায় তাকে ডেকে নিয়ে মারধর করেন শিমুল ফকির ও ফাহিম আহমেদ অপি। এ সময় তার চোখে আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে তার ছবি তুলে ব্ল্যাকমেইলের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তার পকেট থেকে ব্যক্তিগত মোবাইল ফোন নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন মোশারফ।
শিমুল ফকিরের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে শিমুল বলেন, তিনি বিভিন্ন সময়ে ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে ফেসবুকে পোস্ট করতেন। এসব পোস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের নজরে এলে তিনি শিমুলের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত কি না জানতে চান। শিমুলের দাবি, তিনি ভালোলাগা থেকে এসব পোস্ট করেছেন। ৫ আগস্টের পর আবরার শাহরিয়ারের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে বলেও জানান তিনি।এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক রাব্বি তাওহিদ, নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান ও আদনান শরীফ ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
রাব্বি তাওহিদ বলেন, বহিরাগত এক দর্শনার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ভয়ভীতি ও হুমকি দিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে, এমন অভিযোগ পাওয়ার পর তারা ভুক্তভোগীর কাছে যান। ভুক্তভোগীর কাছে থাকা ছবি দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হয়।
তিনি আরও বলেন, অভিযোগগুলোর মধ্যে রয়েছে বহিরাগত দর্শনার্থীদের আটকে রেখে হুমকি দিয়ে টাকা কেড়ে নেওয়া, মারধর, চোখে আঘাত করা, ফোন নিয়ে নেওয়া, ফোন চেক করা এবং বিভিন্ন ভিডিও ধারণ করা। বিশেষ করে বহিরাগত যুগলদের বিভিন্ন ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগও রয়েছে। এ ছাড়া নিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগও রয়েছে বলে জানান তিনি।
রাব্বি তাওহিদের ভাষ্য, অভিযোগগুলোর বেশিরভাগই ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে ধরে মারধর করে আহত করার অভিযোগও রয়েছে। এ ছাড়া তার ফোন চেক করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর খায়রুল ইসলাম (সুজন) বলেন, বিকেলে এক পর্যটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝরণা এলাকায় ঘুরতে গেলে তার ফোনে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে তার কাছ থেকে নগদ ১৫০ টাকা এবং বিকাশের মাধ্যমে ১ হাজার ২০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ছিনতাইয়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।তিনি আরও বলেন, ভুক্তভোগীরা থানায় মামলা করার পর আটক দুই শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Check Also

শাহ আমানতে যাত্রী আটক, ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়না

নিজস্ব প্রতিবেদক: ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো স্বর্ণের পেস্ট, আর প্যান্টের পকেটে ৩৫টি স্বর্ণালংকার। এভাবেই স্বর্ণ …