শিরোনাম

টেস্টার মোবারকের তথ্যে পুলিশের জালে ‘ডাবা হারুন’

নিজস্ব প্রতিবেদক: মোবারককে’ জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মো. হারুন (৪৫) ওরফে ‘ডাবা হারুনকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার হাঁচি সরদার পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হারুন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর হাঁচি সরদার পাড়ার বদিউল আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, হারুন আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন, কালা মোবারক ও টেস্টার মোবারকের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এলাকায় তিনি ‘ডাবা হারুন’ নামে পরিচিত।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ডাবা হারুনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এর আগে গ্রেপ্তার হওয়া টেস্টার মোবারককে জিজ্ঞাসাবাদেও হারুনের নাম উঠে এসেছে। কাঞ্চননগরে আলোচিত সাদ্দাম হত্যা মামলাতেও হারুনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। ডাকাতচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারককে’ গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, টেস্টার মোবারক ডেভিড ইমন ও কালা মোবারকের সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, টেস্টার মোবারককে জিজ্ঞাসাবাদের সময় তার সঙ্গে থাকা এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ডাকাত দলের সদস্যদের মধ্যে ডাবা হারুনের নাম উঠে আসে। এরপরই তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

Check Also

ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার …