শিরোনাম

দলিল না পেয়ে ভাইকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার বড় ভাই

অনলাইন ডেস্ক: ‎নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘরের দলিল না পেয়ে ছোট ভাই রাফি ওরফে মোহনকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড় ভাই উজ্জলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৭ মে) তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শনিবার (১৬ মে) রাতে শরীয়তপুরের একটি চরাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জ্বল ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিল পাড়া এলাকার মো. বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক এবং মাদকাসক্ত বলে জানা গেছে।পারিবারিক সূত্রে জানা যায়, রাফি ওরফে মোহন পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন। বড় ভাই উজ্জ্বল কয়েক মাস ধরে বাবার কাছে বাড়ির দলিল দাবি করে আসছিল।দলিল দিতে রাজি না হওয়ায়, ছোট ভাই মোহনকে দিয়েও বাবার কাছ থেকে দলিল নেওয়ার চেষ্টা করে সে। এতে ব্যর্থ হয়ে মোহন ও বাবার ওপর চরম ক্ষুব্ধ হয়ে ওঠে উজ্জ্বল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শত্রুতার জেরে গত শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে দোতলার ঘর থেকে মোহন বের হওয়া মাত্রই উজ্জ্বল পূর্বপরিকল্পিতভাবে ধারালো বটি দিয়ে তার মাথার দুই পাশে এবং শরীরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় মোহনের চিৎকারে বাবা-মা ও নিচতলার ভাড়াটিয়ারা এগিয়ে এলে উজ্জ্বল বটি ফেলে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় মোহনকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মোহনের বাবা বাবুল মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, হত্যাকাণ্ডের পরপরই আসামি উজ্জ্বল এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশের নিজস্ব সোর্স ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শরীয়তপুরের চরাঞ্চল থেকে বড় ভাই উজ্জ্বলকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Check Also

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে চরম অনিয়ম-দুর্নীতির অভিযোগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল এবং “সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প”-এর …