
ঘোষণা ডেস্ক :চট্টগ্রামে ১৫ কোটি মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার(১০ এপ্রিল) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিকও রয়েছেন। তারা হচ্ছেন-সৈয়দ আলম, সুলতান আহম্মদ, মো. ইউসুফ ও মো. কাসিম। গ্রেফতার অন্যরা হচ্ছেন-শাহ আলম, আজম উল্লাহ, ফারুক ও ছানাউল্লাহ। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা ইউনিট নিশ্চিত হয় কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে বিক্রির জন্য চট্টগ্রামের পতেঙ্গার দিকে আসছে। র্যাবের একটি টিম শুক্রবার রাতে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ফিশিং বোট থেকে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় ৯ জনকে গ্রেফতার করা হয়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুম থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। গ্রেফতারদের মধ্যে বেশির ভাগই পেশাদার মাদক ব্যবসায়ী বলে র্যাব নিশ্চিত করেছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে-এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তারা মিয়ানমারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে কম দামে কিনে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন যুগান্তরকে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
