শিরোনাম

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

বিশেষ প্রতিনিধি :চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দারা (ডিবি-পশ্চিম) অভিযান চালিয়ে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। বুধবার(৮ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং এলাকায় হানিফ পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবার চালান জব্দ করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহণ করা বাসটিও। চট্টগ্রামে নিকট অতীতে হেরোইনের এত বড় চালান আর উদ্ধার হয়নি। এ বিষয়ে সিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং করে অভিযানের বিস্তারিত বর্ণনা দেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রেফতার তিনজন হলো আলী হোসাইন (৪২), মো. আজিম (৪০), মোহাম্মদ রাসেল (৪৯)। আটক মাদকদ্রব্যের বাজারমূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা।

পুলিশ জানায়, হানিফ পরিবহণের একটি বাসে কক্সবাজার থেকে মাদকের একটি চালান চট্টগ্রাম আসছে-এমন খবর ছিল পুলিশের কাছে। তাই গোয়েন্দা পুলিশের একটি টিম শিকলবাহা ক্রসিং এলাকায় অবস্থান নেয়। রাত ৩টার দিকে সন্দেহজনক বাসটি ক্রসিং অতিক্রমকালে পুলিশ এই বাসকে সিগন্যাল দেয়। এতে বাসটি না থামিয়ে চালক পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের অভিযান টিম বাসটিকে কিছু দূর ধাওয়া করে থামাতে বাধ্য করে। পরে ওই বাসের পেছনে লোহার তৈরি একটি গোপন বক্সে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। এতে ৮টি প্যাকেটে এক কেজি করে ৮ কেজি হেরোইন, যার আনুমানিক মূল্য ৮ কোটি ৫ টাকা। এছাড়া ৭০টি প্যাকেটে নীল রঙের ভেতরে লুকানো ২০০ পিস করে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, আটক ৩জন হানিফ পরিবহণের চালক সুপারভাইজার ও হেলপার। তারা যাত্রী পরিবহণের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছে। হেরোইন ও ইয়াবাগুলো কক্সবাজার থেকে কিনে ঢাকায় ২ ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে নিচ্ছিল।

কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

Check Also

ষোলশহর রেলওয়ে ক্রসিং : চটপটি খেতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন রাহাত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে পড়ে রাহাত (১০) নামে …