শিরোনাম

শর্ত লঙ্ঘন করায় আছিব ব্রাদার্সের চা ব্যবসার লাইসেন্স বাতিল করলো চা বোর্ড

ঘোষণা ডেস্ক: চা ব্যবসার লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে বেআইনিভাবে চা ব্লেন্ডিং ও মোড়কজাতকরণ এবং বিক্রয় ও বিপণন করায় আছিব ব্রাদার্সের পাইকারি-খুচরা এবং ব্লেন্ডার লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ চা বোর্ড। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক পত্রের মাধ্যমে লাইসেন্স বাতিল সংক্রান্ত এ আদেশ দেয় চা বোর্ড।

জানা গেছে, গত ১০-১২ সেপ্টেম্বর বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বানুবাজার এলাকায় এবং আগ্রাবাদ ব্যাপারীপাড়ায় ‘আছিব ব্রাদার্স’ এর চা গুদামে অভিযান চালায়। অভিযানে প্রতিষ্ঠানটির গুদামে সাড়ে চার হাজার কেজি মেয়াদোত্তীর্ণ, দুর্গন্ধযুক্ত ও জমাটবাঁধা খণ্ড খণ্ড এবং ছত্রাকমিশ্রিত পচা চা জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এসব চা ধ্বংস করা হয়।

অভিযানে দেখা যায়, চা বোর্ডের খুচরা-পাইকারি লাইসেন্স প্রাপ্তির ৩ নম্বর শর্ত এবং ব্লেন্ডার লাইসেন্স প্রাপ্তির ২ নম্বর ও ৩ নম্বর শর্ত লঙ্ঘন করে আছিব ব্রাদার্স পচা ও দুর্গন্ধযুক্ত চা ব্লেন্ডিং করে ‘Tea 24 Black Tea’ এবং ‘Boom Boom Tea 24’ নামের ব্রান্ডে বিক্রয় ও বিপণন করছিল।

চা ব্যবসার শর্ত ভেঙে দীর্ঘদিন ধরে আছিব ব্রাদার্স এসব মেয়াদোত্তীর্ণ চা গুদামজাত এবং ব্লেন্ডিং করে নিজস্ব ব্রান্ডে বাজারজাত করছিল। এসব চা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চা ব্যবসার অনিয়ম বন্ধে চা বোর্ড প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে।

Check Also

ছিনতাইকারী ধরতে গিয়ে দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নগরে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ …