শিরোনাম

চট্টগ্রাম মহানগর হাজতখানা যেন টাকার খনি,  দৈনিক লাখ লাখ টাকার অনৈতিক লেনদেন

বিশেষ প্রতিনিধি:চট্টগ্রাম মহানগর আদালতের হাজতখানা এখন টাকার খনিতে পরিণত হয়েছে। এখানে আসামীরা আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে অবাধে কথা বলার সুযোগ পাচ্ছেন ৫০০-১০০০ টাকার বিনিময়ে। এছাড়া পুলিশই টাকার বিনিময়ে দাগি সন্ত্রাসী থেকে শুরু করে বিভিন্ন মামলার আসামির হাতে অবাধে মোবাইল ফোন তুলে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যদিও হাজতখানায় মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। মোবাইল ব্যবহার করে  আসামিরা বাদীকে হুমকি, চাঁদাবাজিসহ নানা অপরাধ তৎপরতা চালায়।

অন্যদিকে আসামীদের সাথে সাক্ষাৎ করার কারণে বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ায় প্রায় ৩ মাস ধরে জেলা হাজতখানায় এই ধরনের কার্যক্রম বন্ধ রাখলেও মহানগর হাজতখানায় এই অনিয়ম-দুর্নীতি চলছে বিরামবিহীনভাবে।

হাজতখানার বিধি অনুযায়ী, সাধারণ আসামিরা যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, সেটা তো তাঁরা পাচ্ছেন না। বরং সেখানে অর্থের বিনিময়ে দাগী আসামিদেরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এগুলো জেলখানায় যেমন, হাজতখানায়ও তেমন। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী, শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি ও বড় বড় অপরাধী মোবাইল ফোনে কথা বলা থেকে শুরু করে বিভিন্ন সুবিধা নিচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড আদালতের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় হুমকি।’

সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম মহানগর আদালতের হাজতখানায় ৪টি কক্ষ রয়েছে। এর মধ্যে ১টি কক্ষ নারী আসামিদের জন্য। অন্য ৩টির মধ্যে দুটি সাধারণ আসামিদের এবং ১টি কক্ষ ভিআইপি আসামিদের জন্য। হাজতখানার  ‘ভিআইপি কক্ষে’ এবং পেছনের বারান্দায় টাকার বিনিময়ে মোবাইলে কথা বলেন  আসামিরা। এছাড়া অর্থের বিনিময়ে বারান্দায় বসে খাওয়া দাওয়াসহ স্বজনদের সাথে আসামিদের চলে খোশগল্প। এসব কর্মকান্ডের ভিডিও সংরক্ষিত রয়েছে।

আদালতে বিভিন্ন মামলায় হাজিরা দিতে চট্টগ্রাম কারাগার থেকে আনা ভিআইপি আসামি, রাজনৈতিক নেতা-কর্মী, প্রভাবশালী, দাগী সন্ত্রাসী হাজতখানার এই ভিআইপি কক্ষে অবস্থান করেন। মূলত যাঁরা টাকা দেন, তাঁদের এই কক্ষে আরাম-আয়েশে রাখা হয়। সেই সঙ্গে আসামিদের মোবাইল ফোনে কথা বলার সুযোগ করে দেয় পুলিশ।

স্বজনদের সাথে সাক্ষাতে আসা কয়েকজন
জানান, এটা হাজতখানার মধ্যে একটা ওপেন সিক্রেট। চাহিদামতো ১০০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা খরচ করলেই আসামিরা মোবাইলে কথা বলতে পারছেন। চাহিদামতো খাওয়া দাওয়া করতে পারেন। পুলিশের পাশাপাশি আসামিদের স্বজনদের সরবরাহ করা মোবাইলেও আসামিরা কথা বলে থাকেন।

হাজতখানার বারান্দায় সোজাসুজি সিসিটিভি ক্যামেরা থাকলেও আসামি রাখার সেলগুলোতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। সেই সুযোগে হাজতখানায় বেআইনি কাজে জড়াচ্ছে পুলিশ ও আসামিরা।

অনুসন্ধানে জানা যায়, মহানগর হাজতখানার দায়িত্বরত এসআই বিকাশ শীলের নিয়ন্ত্রণে এএসআই মনির, এএসআই মহিউদ্দিন, এএসআই জাকিরসহ কয়েকজন কনস্টেবল এসব অবৈধ লেনদেন পরিচালনা করেন। এসআই বিকাশ দীর্ঘদিন ধরে মহানগর হাজতখানার দায়িত্বে রয়েছেন। তাকে অন্যত্র বদলী করা হলেও কয়েক মাস পর তদবীর করে পুনরায় চলে আসেন। এই অনৈতিক কার্যক্রম থেকে তিনি হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা।

একটি সূত্রে জানা যায় , আসামির স্বজনদের নিকট থেকে আদায়কৃত টাকা উপর মহল থেকে নীচের মহল সবার মধ্যে ভাগাভাগি হয়। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সংবাদ কর্মীদের জন্যও আপ্যায়ন খরচের বরাদ্দ থাকে।

এডভোকেট মোঃ রফিকুল হক বলেন, আদালতের  হাজতখানায় আসামিদের সাথে আইনজীবীদের সাক্ষাতের প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া সাধারণ আসামিদের সাথে আত্মীয়-স্বজনের সাক্ষাতের বিষয়টি বিবেচনায় নেওয়া গেলেও দাগী আসামিদের বেলায় খুবই স্পর্শকাতর। অনেক অপরাধী আছেন যাদের সাথে কারাগারে সাক্ষাতের সুযোগ থাকে না তারা আদালতের হাজতখানায় সহযোগীদের সাথে বিভিন্ন অপরাধজনক বিষয়ে আলাপ করার সুযোগ পায়। এছাড়া সাধারণ আসামীদের স্বজনদের সাথে সাক্ষাতের জন্য একটা বিধি মোতাবেক নিয়ম-নীতির বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারি প্রয়োজন। অনৈতিক লেনদেন কিছুতেই কাম্য নয়।

জানতে চাইলে আদালতের পরিদর্শক (প্রশাসন) রোজিনা বলেন, এসব বিষয়ে তিনি অবগত নন। উর্ধ্বতন কর্মকর্তারা ভালো বলতে পারবেন।

সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বলেন, আসামিদের সাথে আইনজীবীরা সাক্ষাৎ করতে গেলে আসামির স্বজনরা অনেক সময় ঢুকেন। টাকার বিনিময়ে সাক্ষাতের বিষয়ে মন্তব্য চাইলে তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

জানতে চাইলে উপ পুলিশ কমিশনার হাসান ইকবাল চৌধুরী বলেন, হাজতখানায় সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছে। পুনরায় কখন চালু হয়েছে সেটা তিনি অবগত নন। তিনি ছুটিতে রয়েছেন, ছুটি শেষে সরেজমিনে পরিদর্শন করবেন।

Check Also

চট্টগ্রামের বাকলিয়ায় আধিপত্য বিস্তারের জেরে হত্যা কুপিয়ে যুবক হত্যা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর সোবহান (৩৫) নামে যুবককে …