শিরোনাম

ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীর কারাদণ্ড :দুর্নীতির মামলা

আদালত প্রতিবেদক: বৈধ আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাজুল ইসলামকে ১৫ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা এবং তার স্ত্রীকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।দুদকের পিপি মোকাররম হোসেন বলেন, ‘নয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তাজুল ইসলামকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৩১ লাখ ৩৮ হাজার ৩৮৬ টাকার ৫০ শতাংশ হিসেবে ১৫ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।’


তিনি আরও বলেন, ‘তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকেও তিন বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’
মামলার নথি অনুযায়ী, তাজুল ইসলাম ও তার স্ত্রী পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত অর্থ উপার্জন করেন। ওই অর্থ দিয়ে খাইরুন্নেছা বেগমের নামে জমি কেনা ও ভবন নির্মাণে বিনিয়োগ করার অভিযোগ রয়েছে।
নথিতে আরও বলা হয়, স্বামীর অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে খাইরুন্নেছা নিজের নামে আয়কর নথি খোলেন এবং সেখানে অর্জিত সম্পদ ও আয়ের উৎস প্রদর্শন করেন। এ ছাড়া দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৯৭ হাজার ৭৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও আনা হয়।
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু করেন।

Check Also

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জাসদ …