
ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলা (শফির টিলা) এলাকার একটি টং ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ওই টং ঘরে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিতে থাকা অন্যরা গহিন জঙ্গলে পালিয়ে গেলেও মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।মোবারকের কাছ থেকে দুটি কাঠের বাটযুক্ত ধারালো তরবারি, একটি স্টিলের হাতলযুক্ত দা, একটি কাঠের বাটযুক্ত দা, একটি লোহার শাবল, একটি ধারালো ছুরি, একটি ধারালো ধামা, একটি ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, টেস্টার মোবারক চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেবিট ইমন এবং মো. মোবারক হোসেন ওরফে কালা মোবারকের অন্যতম সহযোগী। তিনি সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।এ ঘটনায় মোবারকসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার এবং সংঘবদ্ধ ডাকাতচক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
