
কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অনলাইন জুয়া খেলা, প্রকাশ্যে মাদক সেবন এবং সরকারি আদেশ অমান্যের দায়ে এক নারীসহ মোট ৫ রোহিঙ্গাকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/এলএমএস ও এফ/এলএমএস ব্লকে এই অভিযান পরিচালনা করা হয়।
এপিবিএন সূত্রে জানা গেছে, লেদা এপিবিএন ক্যাম্পের একটি টহল দল অনলাইনে জুয়া খেলার অভিযোগে মোহাম্মদ আব্বাস (২৫) ও আব্দুল গণিকে (২৯) আটক করে। পরে তাদের মোবাইল ফোন পরীক্ষা করে জুয়া খেলার প্রমাণ পাওয়া যায়। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে এফ/এলএমএস ব্লকের বালুর মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় উপকরণসহ আবুল ফয়েজ (২৩) ও মো. ইসমাইলকে (১৯) আটক করা হয়। অন্যদিকে, সরকারি আদেশ অমান্যের অভিযোগে পারভীন আক্তার (২৫) নামে এক নারীকে আটক করা হয়।
ক্যাম্প ইনচার্জ (সিআইসি) ও সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আদালত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী- আব্দুল গণিকে ৩ মাস, মোহাম্মদ আব্বাসকে ১ মাস, আবুল ফয়েজ ও মো. ইসমাইলকে ৩ মাস এবং পারভীন আক্তারকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সজাপ্রাপ্ত রোহিঙ্গাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
