শিরোনাম

চট্টগ্রামের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে (৩৮) গ্রেফতার করেছে এসআরবি। মঙ্গলবার (৩ নভেম্বর) এসআরবি-৭ পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

এর আগে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর কোতোয়ালি থানার বাদামতলী হাজী আফছার করিম সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৭ চট্টগ্রাম ও এসআরবি-১০ ঢাকার একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার নুর হোসাইন নুর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের সারেংবাড়ি এলাকার প্রয়াত নুর আলমের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এ মামলার এজাহারনামীয় প্রধান আসামি নুর হোসাইন নুর। গোপন সংবাদের ভিত্তিতে তিনি ঢাকার কোতোয়ালি থানা এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে এসআরবি-৭।

পরে তথ্যের ভিত্তিতে এসআরবি-৭ চট্টগ্রাম ও এসআরবি-১০ ঢাকার যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারের পর নুর হোসাইন নুরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্ত নূর হোসেন নুরু এবং তার চক্রটি হালিশহর এলাকায় একটি গোপন টর্চার সেল গড়ে তুলেছিল। তারা অস্ত্রের মুখে স্থানীয় কিশোর ও তরুণদের অপহরণ করে সেখানে নিয়ে যেত। এরপর জোরপূর্বক আপত্তিকর ও অনৈতিক অবস্থায় ফেলে ভিডিও ধারণ করত। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের পরিবার থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এবং অনৈতিক কাজ করতে বাধ্য করত।

Check Also

ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর হযরত আলহাজ্ব শাহ্ আলী আহম্মদ কোম্পানীর ফাতেয়া শরীফ

খবর বিজ্ঞপ্তি: ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুর হযরত আলহাজ্ব শাহ্ আলী আহম্মদ কোম্পানীর ফাতেয়া শরীফ, খতমে হাজেগান, …