
অনলাইন ডেস্ক: ১৪ লাখ টাকার ২ হাজার ৪০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নকল মোড়কে ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার, পাচারকাজে ব্যবহৃত ৩টি বোটসহ ২২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (১৩ জুলাই) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রাসায়নিক সারের নকল মোড়ক ব্যবহার করে সার ও সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এরপর চট্টগ্রাম বহির্নোঙরে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
সোমবার বিকেল ৫টায় বহির্নোঙর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন ৩টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট, বিএডিসির নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডিএপি সার, পাচারকাজে ব্যবহৃত ৩টি বোট এবং ২২ জন পাচারকারীকে আটক করা হয়।আটক পাচারকারী, জব্দ করা পণ্য ও বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সাব্বির আলম সুজন।
অপরাধ ঘোষনা aporadhghoshona
