
টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তসংলগ্ন নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত সীমান্তের ওপার থেকে থেমে থেমে গুলির বিকট শব্দ ভেসে আসে। স্থানীয়রা জানান, প্রায় ২০ মিনিট ধরে চলা এই গোলাগুলিতে শতাধিক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। গুলির শব্দ শোনার পর নাফ নদীতে মাছ ধরতে থাকা জেলেরা দ্রুত নৌকা নিয়ে নিরাপদ স্থানে ফিরে যান। নাফ নদীতে মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলে জানান, সকালে তারা নদীর উত্তর পাশে একটি লাল রঙের স্পিডবোট দ্রুত চলাচল করতে দেখেন। কিছুক্ষণ পরই হঠাৎ মিয়ানমারের ভেতর থেকে ব্যাপক গুলির শব্দ শোনা যায়।পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় তারা সঙ্গে সঙ্গে মাছ ধরা বন্ধ করে দ্রুত নৌকা নিয়ে তীরে ফিরে আসেন।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের পূর্ব পাশে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি নাফ নদী ও সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার এবং সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
