শিরোনাম
Home / অর্থনীতি / পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান করবে ব্র্যাক : চট্টগ্রাম বিভাগের অনুষ্ঠান

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান করবে ব্র্যাক : চট্টগ্রাম বিভাগের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ বছরে ব্র্যাক সারাদেশে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নারী ও যুবসমাজকে কেন্দ্র করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেবে।সোমবার (১৮ মে) চট্টগ্রাম বিভাগে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র বলেন, আমাদের বড় চ্যালেঞ্জ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং।এগুলো সামাজিক ব্যাধি। কিশোরদের বিপথগামী হওয়ার পথ বন্ধে প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ করছি।আমার মনে হয়, নতুন বিল্ডিং কোডে প্রতিটি ভবনে শিশুদের খেলার জায়গা রাখা উচিত। তিনি ব্র্যাককে নগরের অন্তত দুইটি খেলার মাঠ, দুই ওয়ার্ডের ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।আলোচনা করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ। ব্র্যাকের সমন্বিত কর্মসূচির সিনিয়র ম্যানেজার আঞ্জুমান আরা বেগম চট্টগ্রামে বিভাগে ২০২৫ সালে ব্র্যাকের কর্মসূচিগুলো তুলে ধরেন।
চট্টগ্রাম বিভাগের প্রতি ৬ জন বাসিন্দার মধ্যে ১ জনের কাছে ব্র্যাকের সেবা পৌঁছেছে। এ বিভাগে কর্মরত ১৫ হাজার ৯৮৪ জন কর্মী ব্র্যাকের কর্মসূচি বাস্তবায়ন করছেন, এদের মধ্যে ৩৭ শতাংশই নারী। এ বিভাগে সামাজিক উন্নয়ন কর্মসূচির ৯১৫টি কার্যালয় এবং সামাজিক ব্যবসা উদ্যোগের ৩৯টি কার্যালয়ের মাধ্যমে এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম বিভাগে ৮ হাজার ৫০৭টি অতি-দরিদ্র পরিবার আর্থিক সহায়তা পেয়েছে এবং ১০ হাজার ৩৯৪টি পরিবার অতিদারিদ্র্য থেকে ঘুরে দাঁড়িয়েছে। জলবায়ু-সহনশীলতা বিষয়ে সহায়তা পেয়েছেন ৯ হাজার ৪৬৪ জন এবং ৪৭১জন প্রতিবন্ধী ব্যক্তি সহায়তা পেয়েছেন। মাইক্রোফইন্যান্সের আওতায় আর্থিক সেবা পেয়েছেন ২৭ লাখ ৭০ হাজার মানুষ। ১৪ লাখ ১৩ হাজার ৯৬৫ জন সদস্যের মধ্যে ৮৯ দশমিক ৮ শতাংশ নারী। এ ছাড়া ১ হাজার ১৭৬ জন বেকার যুবককে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগে কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে ২ লাখ ৩ হাজার ৮২২ জন স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সেবা এবং সচেতনতামূলক কার্যক্রমের আওতায় এসেছেন। ৩১ হাজার ২০২ জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার আওতায় এসেছেন। এ ছাড়া ১৩ হাজার ৬৬৬ জন গর্ভবতী নারী পূর্ণাঙ্গ প্রসবপূর্ব সেবা পেয়েছেন এবং ৭ হাজার ২১৩টি নিরাপদ প্রসব নিশ্চিত করা হয়েছে। ৩৮ হাজার ৬০৪ জনের চক্ষু পরীক্ষা এবং ১০ হাজার ১১৯টি চশমা বিতরণ করা হয়েছে।
এ বিভাগে ১৫০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৫১ জন শিক্ষার্থী এবং ১৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ১১ হাজার ৬০ জন, যার মধ্যে ৫২ শতাংশ নারী। মানবপাচার থেকে ফিরে আসা ১ লাখ ৭২ হাজার ১৯৩ জন ব্যক্তি সচেতনতা, শারীরিক-মানসিক ও আর্থিক পুনর্বাসন সেবা পেয়েছেন।
৮ লাখ ১৪ হাজার ৪৫৩টি ঝুঁকিপূর্ণ পরিবারকে সেবা ও সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে এবং ৩০৫ জন নারী জীবিকা উন্নয়ন প্রশিক্ষণ পেয়েছেন। নারীর ক্ষমতায়ন ও আইনি সহায়তার অংশ হিসেবে ২৯ হাজার ৭৫৪ জন আইনি সহায়তা পেয়েছেন এবং ৫৮টি বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে। ৭৭ জন নারী ও ৬৫ জন পুরুষ যুব চেঞ্জমেকার হিসেবে সম্পৃক্ত হয়েছেন।
এ বিভাগে আড়ংয়ের ৬টি আউটলেট, আয়েশা আবেদ ফাউন্ডেশনের ১টি উৎপাদন কেন্দ্র ও ১৬টি উপকেন্দ্র, ব্র্যাক ফিশারিজের ১টি হ্যাচারি এবং ব্র্যাক টি-এর ১টি চা বাগান পরিচালিত হচ্ছে। ব্র্যাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে ৫ লাখ ৯৩ হাজার ১০৬টি গবাদিপশুকে কৃত্রিম প্রজনন সেবা দেওয়া হয়েছে।
বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সিনিয়র সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, ড. জিনবোধি ভিক্ষু, প্রফেসর মিজানুর রহমান, উইম্যান চেম্বারের সহ-সভাপতি সুলতানা নুরজাহান রোজী প্রমুখ।

Check Also

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বৃষ্টির …