শিরোনাম
Home / সারাদেশ / নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম পুলিশ: আইজিপি

নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম পুলিশ: আইজিপি

ঘোষণা ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে যেকোনো আইনশৃঙ্খলা জনিত চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে যেকোনো আইনশৃঙ্খলা জনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো। আমাদের সেই আস্থাও আছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। একসময় দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে আইন ও বিধি-বিধানের আলোকে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করবে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বঙ্গবন্ধু স্বপরিবারে শহীদ হবার পর বাংলার ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চক্রান্ত হয়েছিলো। কিন্তু যাঁর নামে, যাঁর প্রচেষ্টায়, যাঁর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যিনি বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন সেই বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায়নি।

তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবনের স্বর্ণালী সময় এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এ দেশের স্বাধীনতার জন্য কারা প্রকোষ্ঠে কাটিয়েছেন। বঙ্গবন্ধুর অবদান যাতে স্বাধীনতার ইতিহাসে না থাকে সেজন্য চক্রান্ত হয়েছিলো। তাদের সে চক্রান্ত সফল হয়নি।

পুলিশপ্রধান বলেন, আমরা এখন দেখছি আমাদের বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে অনেক আগ্রহী। তারা বঙ্গবন্ধু সম্পর্কে পড়াশোনা করতে চাচ্ছে। ওনার সংগ্রামী জীবন সম্পর্কে তারা জানতে আগ্রহী।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইলিয়াস শরীফ, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‌

পরে আইজিপি জেলা পুলিশ লাইনসে সিলেট রেঞ্জে কর্মরত সকল ইউনিটের ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি সিলেট রেঞ্জে কর্মরত সকল ইউনিটের অফিসারদের সাথে মতবিনিময় করেন।

এর আগে আইজিপি বুধবার সুনামগঞ্জের শাল্লা থানা পরিদর্শন করেন এবং পুনঃনির্মিত শাল্লা থানা জামে মসজিদ উদ্বোধন করেন। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পরিদর্শন করেন।

এছাড়া আইজিপি জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা ঘুঙ্গিয়ারগাঁও বাজার কেন্দ্রীয় শ্রী শ্রী কালীমন্দির, হবিগঞ্জ সদরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া, আজমিরীগঞ্জের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। তিনি ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Check Also

পুলিশের মনোবল ভাঙলে লাঠি হাতে বাড়িঘর পাহারা দিতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “অনেক কষ্টের ফলে পুলিশের মনোবল …