নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মুরাদ (৪৩) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার অন্য দুজন হলেন সুমন (৩৫) ও রুহুল আমিন। তারা ওই ঘটনায় জড়িত ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তার মুরাদের পিসিপিআর যাচাই করে দেখা গেছে, সিএমপির বিভিন্ন থানায় দায়ের হওয়া ১৬টি মামলায় তিনি আসামি।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাকলিয়ার এক্সেস রোডের পাশে সৈয়দশাহ রোড এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে। কয়েকটি বিকট শব্দ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। ওইদিন রাতে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।