নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি রেললাইনের ওপর হাঁটছিলেন। পেছন দিক থেকে ট্রেন আসার সময় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের ব্যক্তি রোহিঙ্গা বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।’
তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হাতের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে তার পরিচয় ও পরিবারের সদস্যদের শনাক্তের চেষ্টা করা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।