খবর বিজ্ঞপ্তি: সাঙ্গু নদীর ওপর নির্মিত দক্ষিণ চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষের যাতায়ত তৈলারদ্বীপ সেতুতে টোল আদায় কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে বাঁশখালীর সমাজকর্মী ও জুলাইযোদ্ধা মুহাম্মদ নিজাম উদ্দিন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। একই সাথে তৈলারদ্বীপ সেতুতে টোল আদায় কার্যক্রমের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বিষয়ও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাঁশখালীর সমাজকর্মী ও জুলাইযোদ্ধা মুহাম্মদ নিজাম উদ্দিনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ইচ্চ আদালতের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ১৫ সেপ্টেম্বর এ আদেশ দেন।
সংবাদ সম্মেলনে রিটকারী মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, সম্প্রতি তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের জন্য চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে দরপত্র আহ্বান করা হয়। গত ৬ সেপ্টেম্বর জারি করা ওই বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ থেকে ২০২৯-৩০ অর্থবছর পর্যন্ত চার বছরের জন্য সেতুটিতে টোল আদায়ের উদ্যোগ নেওয়া হয়।রিট আবেদনের পর শুনানি শেষে আদালত টোল আদায়ের বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তির আওতায় নতুন কোনো দরপত্র গ্রহণ বা খোলা, দরপত্র অনুমোদন, ইজারাদার নিয়োগ ও ইজারা চুক্তি সম্পাদন এবং সেতু ব্যবহারকারীদের কাছ থেকে যেকোনো উপায়ে টোল আদায়ের কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
রিটকারী বলেন, তৈলারদ্বীপ সেতু দিয়ে বাঁশখালী ছাড়াও পটিয়া, আনোয়ারা এবং কক্সবাজারের পেকুয়া, মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়া এলাকার মানুষ ও পণ্যবাহী যানবাহন চলাচল করে।
নতুন করে টোল আরোপের উদ্যোগে সাধারণ মানুষ ও পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। জনস্বার্থে এ উদ্যোগের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেন।তিনি আরও বলেন, আদালতের আদেশের সার্টিফায়েড কপি পাওয়ার প্রক্রিয়া চলছে। কপি পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরে তা জমা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে তিনি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তৈলারদ্বীপ সেতুতে টোলসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রাখার জন্য সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান,মালিক ও পরিবহন সংগঠনের নেতা ওয়াজি উল্লাহ, মাহমুদুল ইসলাম, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম কোম্পানি,আবদুল্লাহ আল ইমরান,এসহান উল্লাহ টিটু প্রমুখ।