নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কাঠগড় হিন্দু পাড়ায় ১নং গলিতে ঐতিহ্যবাহী দূর্গামন্দিরে হামলার ঘটনায় ১৪ বছর পর মামলার রায় দিয়েছেন একটি আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম মেট্টোপলিটন মেজিষ্ট্রেট ২য় আদালত এর বিচারক আবুল মুনসুর এ রায় রায় দেন। রায়ে তিনজনকে ছয় মাস সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা করে অর্থদন্ড অন্যথায় এক মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডিতরা হলেন, এস এম মহিউদ্দিন, সাইফুদ্দিন ও মোশাররফ। এরা সকলে উত্তর পতেঙ্গার বাসিন্দা। এছাড়া তিনজনকে খালাস দেয়া হয়। এরা হলেন, মো. মাহবুব আলম,মো. গিয়াস উদ্দিন, আ›ব্দুল হাকিম।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩ আগষ্ট পতেঙ্গা থানাধীন কাঠগড়স্থ, ১নং গলি শ্রী শ্রী দূর্গা মন্দির এর জায়গা দখলের উদ্দেশ্যে আসামীরা অজ্ঞাতনামা ২০/২৫ জন একত্রিত হয়ে মন্দিরের টিনের ছাউনির উপর তাদের সাইনবোর্ড টাঙ্গিয়া দেয়। আসামীরা মন্দিরের পবিত্রতা নষ্ট করতে মন্দিরের ভিতরে প্রবেশ করে জিনিষপত্র নষ্ট করে ফেলে। এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক কাজল কান্তি লোধ বাদী হয়ে ২০১২ সালের ৩ আগষ্ট পতেঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেন। পরে এজাহারটি জিআর মামলায় (নং-৪৫৮/২০১২) রূপান্তরিত হয়। ওই সময় পুলিশ তদন্ত করে ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করে। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন এড. নিতাই প্রসাদ ঘোষ, এড.চট্টেশ্বরী ভট্টাচার্য্য ও এড.বাবুল সরকার।
বাদী পক্ষের আইনজীবি এড.চট্টেশ্বরী ভট্টাচার্য্য বলেন, মামলাটির রায়ে তিনজনকে ছয় মাস সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা করে অর্থদন্ড অন্যথায় এক মাসের কারাদন্ড প্রদান করে বিজ্ঞ আদালত। এছাড়া তিনজনকে খালাস দেয়া হয়।