নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৫২৪ জনের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৬ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানামূলে ১১২ জন এবং সাজা পরোয়ানামূলে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৩৮ জনকে। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী ৫১ জন, মাদক বহনকারী দুজন এবং মাদক সেবনকারী ১৩৬ জন।
মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার নিয়মিত ও অন্যান্য মামলার হিসাবের মধ্যেও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও জানান, অভিযানে ৬২ হাজার ৯৩২টি ইয়াবা ট্যাবলেট, ৩৪ কেজি ৩১৪ গ্রাম গাঁজা, ৭২ বোতল বিদেশি মদ, ১০ লিটার চোলাই মদ, তিন বোতল বিয়ার, ২৫ বোতল স্কাফ সিরাপ এবং ১০৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ সময় মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৩৭টি মামলা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত ৯ হাজার ৯০০ টাকা অর্থদণ্ডও আদায় করেছেন।