নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আবরার নামের ওই শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) চিকিৎসাধীন ছিল। ৯ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল এনএসওয়ান পজিটিভের মাধ্যমে। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’।শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু রোগীর বিবরণীতে এ তথ্য জানানো হয়।
বিবরণী অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১০ জন এবং চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুজন ভর্তি হয়েছেন। এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটির তথ্য অনুযায়ী, মারা যাওয়া শিশুটির নাম আবরার। তার বয়স আট বছর। সে হালিশহর এলাকার বাসিন্দা। ৩ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ৯ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৩৮০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪১৬ জনসহ মোট ২ হাজার ৭৯৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এ সময়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২২৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ২ হাজার ৫৬৯ জন ছাড়পত্র পেয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।