নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান দিদারকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।তিনি বলেন, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান দিদারের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল।সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, মশিউর রহমান দিদার নগরের জাকির হোসেন সড়কের ভূঁইয়া গলির আবদুর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি নগরের বেসরকারি ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের একাংশের নিয়ন্ত্রক ছিলেন বলে অভিযোগ রয়েছে।সেই প্রভাব ব্যবহার করে কলেজ ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া তার অনুসারীদের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।সিএমপি সূত্রে জানা যায়, সর্বশেষ ২০২২ সালের ১৮ জানুয়ারি গ্রেপ্তার হয়ে জামিনে বের হওয়ার পর ২০২৪ সাল পর্যন্ত আদালতে নিয়মিত হাজিরা দিলেও পরবর্তীতে আত্মগোপনে চলে যান। পরে তার বিরুদ্ধে থাকা মামলায় আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।