
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিদারুল আলম নামে এক ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার(১০ই এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিদারুল আলম(৫৬) পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। অভিযুক্ত আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে দোকান আছে দিদারুল আলমের। তার সঙ্গে তার এলাকার আবু তৈয়ব নামের একজনের ব্যবসায়িক লেনদেন ছিল। শুক্রবার রাত ১০টার দিকে আবু তৈয়বের সঙ্গে মইজ্জারটেক এলাকায় দিদারের দেখা হয়। ওই সময় দুজন তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দু'জন মারামারিতে জড়ালে দিদার আহত হন। এ সময় ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে দিদারকে আহত করা হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিদারুল আলমের প্রতিবেশী এম এ রহিম বলেন, প্রবাস থেকে দেশে ফেরত আসেন আবু তৈয়ব। বন্ধু হিসেবে দিদার তাকে আশ্রয় দিয়েছিলেন তার দোকানে। কিন্তু সে দিদারের কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। অথচ তার কাছে কোনো টাকা পেত না। আজ তাকে নির্মমভাবে হত্যা করলো।
নিহত দিদারের ভাতিজা বশির আহমদ বলেন, ‘আমরা খবর পেয়ে চমেক হাসপাতালে এসেছি। এখনও জানি না কী কারণে এমন ঘটনা ঘটলো।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘শুনেছি দিদারের সঙ্গে আবু তৈয়ব নামের একজনের লেনদেন ছিল। এর জের ধরে দুজনের মধ্যে মারামারির ঘটনায় দিদার আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান। এ ঘটনায় দুই পক্ষের বক্তব্য পাওয়া গেলে বলা যাবে মূল ঘটনা কী। আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’